রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী মস্কোর দক্ষিণ অঞ্চলে সোমবার এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম ফানিল সারভারভ। তিনি সেনা অপারেশন অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল পদে কর্মরত ছিলেন।
ঘটনার দিন স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে সারভারভ একটি পার্কিং লট থেকে গাড়ি বের করছিলেন।
তখন কিয়া সোরেন্তো ব্র্যান্ডের গাড়ির নিচে থাকা বোমাটি বিস্ফোরিত হয়।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার স্টেইট ইনভেস্টিগেটিভ কমিটিতে।
ওই ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত গাড়িটির একটি দরজা পুরোপুরি উড়ে গেছে। আর চালকের আসন রক্তাক্ত হয়ে গেছে।
তদন্ত কর্মকর্তাদের দাবি, বোমা হামলাটি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে।
কমিটির একজন মুখপাত্র স্বেলতানা পেত্রেনকো জানান, হামলার বিভিন্ন সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। যার একটি হলো ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার আক্রমণ।
তদন্ত কর্মকর্তারা ফরেনসিক প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ,প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনা খতিয়ে দেখছেন।
তদন্ত কর্মকর্তাদের এ বক্তব্যের পর ইউক্রেনের সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি।
তবে ইউক্রেনের একটি অপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট মাইরোটভোরেতস রাশিয়ার সেনা কর্মকর্তা হত্যার তথ্য ঘোষণা করেছে।
ওয়েবসাইট পরিচালনাকারীরা জানায়, ৫৬ বছর বয়সী সারভারোভকে নিষ্ক্রিয় করা হয়েছে।
এ ওয়েবসাইটটি রাশিয়া -ইউক্রেন যুদ্ধে জড়িত রাশিয়ার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের তথ্য প্রকাশ করে। সেখানে তাদের যুদ্ধ অপরাধী হিসেবে অভিহিত করা হয়।
চার বছর ধরে চলমান দুই দেশের যুদ্ধে গাড়ি বোমা হামলায় রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন।
পরবর্তিতে বেশ কয়েকটি হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা।
