বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠছেন লেখক শাম্মী তুলতুল। চট্টগ্রামে জন্ম নেওয়া এই লেখক ইতোমধ্যেই কথাসাহিত্যিক হিসেবে দেশ-বিদেশে নিজের অবস্থান তৈরি করেছেন।
ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি ও লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন তিনি। সময়ের সঙ্গে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নিয়ে হয়ে উঠেছেন একজন পূর্ণাঙ্গ লেখক। তিনি একাধারে উপন্যাসিক, গল্পকার ও শিশুসাহিত্যিক। পাশাপাশি সাংবাদিকতা, রেডিও অনুষ্ঠান পরিচালনা, খবর পাঠ এবং অনলাইন অ্যাকটিভিজমেও যুক্ত আছেন।
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যেমন কালের কণ্ঠ, প্রথম আলো, ইত্তেফাকসহ বিভিন্ন দৈনিকে তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া জার্মানি, সিঙ্গাপুর, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখছেন তিনি।
এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত “নরকে আলিঙ্গন” বইটি পাঠকমহলে সাড়া ফেলেছে। ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে তার ১৭তম বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আঃ)”।
তার জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে “চোরাবালির বাসিন্দা”, “ভূত যখন বিজ্ঞানী” ও “পিঁপড়ে ও হাতির যুদ্ধ”। এর মধ্যে “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্পটি নাটক হিসেবে টেলিভিশনে প্রচারিত হয়েছে।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার। এছাড়া “রুম টু রিড বাংলাদেশ”-এর নির্বাচিত লেখক হিসেবেও সম্মানিত হয়েছেন।
শাম্মী তুলতুল বলেন, লেখালেখির মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরাই তার লক্ষ্য। বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়াই তার স্বপ্ন।
