যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘নো কিংস’ স্লোগানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ মার্চ) দিনভর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ন্যাশভিল ও হিউস্টনসহ প্রায় সব বড় শহরে লাখো মানুষ রাস্তায় নামেন। ছোট শহরগুলোতেও একই চিত্র দেখা যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে উত্তেজনা, কঠোর অভিবাসন আইন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। এসব নীতির প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। অনেকেই বলেন, “আমেরিকায় কোনো রাজা নেই—ক্ষমতার মালিক জনগণ।”
ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ন্যাশনাল মল এলাকায় জনসমুদ্র তৈরি হয়। মিনেসোটার সেন্ট পলে স্টেট ক্যাপিটলের সামনে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ডেমোক্র্যাট নেতা বক্তব্য দেন।
তবে সব বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল না। লস অ্যাঞ্জেলেসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হন এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
