লড়াইটা জাতীয় দলের নয়, বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের। তার পরও সবুজ গালিচায় যখন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, তখন প্রতিযোগিতার মানদণ্ড বিবেচিত হয় না কখনও। বাংলাদেশ-ভারত লড়াই মানেই অন্যরকম আবেগ আর প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। সেই ঝাঁজ এবার মালদ্বীপের রাজধানী মালেতে।
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’তে আজ ভারতের মুখোমুখি হবে মার্ক কক্সের দল। দুই দলের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। তাই শনিবারের এই লড়াইটি গ্রুপ সেরার। একই সঙ্গে সেমিফাইনালের ‘মহড়া’ও বলা চলে। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে।
সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ দুটি এবং ভারত জিতেছে এক ম্যাচে। ২০২২ সালে গ্রুপ পর্বে জিতলেও ফাইনালে ভারতের কাছে হেরেছিল লাল-সবুজের দলটি। তবে ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে এই ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দুই বছর পর একই সঙ্গে আবার গ্রুপ পর্বে দেখা দুই দলের।
দেশিদের সঙ্গে প্রবাসী ফুটবলারদের মেলবন্ধনে এই বাংলাদেশ আরও শক্তিশালী। দল হিসেবে অনেক গোছানো। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি দলের মধ্যে এনেছে ভারসাম্য। পাকিস্তান ম্যাচে একাই জোড়া গোল করা রোনান সুলিভান দেখিয়েছেন তাঁর পায়ের জাদু। ব্যক্তিগত স্কিলের দারুণ প্রদর্শনীতে ১৮ বছর বয়সী এ তারকা বাংলাদেশিদের হৃদয় জিতে নিয়েছেন। তাঁর ভাই ডেকলানের অবশ্য অভিষেক হয়নি। জানা গেছে, ফিটনেস ঘাটতি থাকায় ডেকলানকে পাকিস্তান ম্যাচে সুযোগ দেননি বাংলাদেশ কোচ।
সুত্রঃ সমকাল
