নেপালের কীর্তিপুরে চলছে বাংলাদেশের বিজয় রথ! টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টাইগ্রেসরা অপ্রতিরোধ্য ফর্মে। আজ (শুক্রবার ৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে।
বিশ্বকাপের দরজার চাবি আগেই হাতে উঠেছিল। তবে এবার যেন তারই উদ্যাপন চলল মাঠের পারফরম্যান্সে। নেপালের কীর্তিপুরে আজ স্কটল্যান্ড নারী দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানার ঝোড়ো ফিফটি আর মারুফা আক্তারের বোলিং তোপে স্কটিশদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
টস জিতে ব্যাটিংয়ের নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস উদ্বোধনী জুটিতেই তোলেন ৬৭ রান। যদিও ওই রানের পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ; ৩৯ রানে দিলারা এবং ২২ রান করে বিদায় নেন জুয়াইরিয়া । তারপর শারমিন আক্তার সুপ্তাও (১৫) রান করে ফিরে জান প্যাভিলিয়নে।
চতুর্থ উইকেটে শুরু হয় আসল ‘শো’। ১০০ রানের এক বিধ্বংসী জুটি গড়েন নিগার ও সোবহানা মোস্তারি। নিগার মাত্র ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫৬ রান। সেই সাথে সোবহানা মাত্র ২৩ বলে ৪৭ রানের এক ‘টর্নেডো’ ইনিংস খেলে আউট হন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৯১ রান। এটি টি-টুয়েন্টিতে বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এরপর ব্যাট হাতে মাঠে নামেন স্কটিশরা। কিন্তু শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে খেই হারায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কটিশদের ইনিংস যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আট নম্বরে নামা পিপা স্প্রাউলের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটল্যান্ড। মারুফা নেন ৩টি উইকেট, আর ২ উইকেট নেন স্বর্ণা আক্তার।
এই জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে টাইগ্রেসরা। তাদের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে, ১লা ফেব্রুয়ারি। টাইগ্রেসদের এই অসাধারণ সাফল্য দেশের ক্রিকেটে নতুন প্রেরণা যোগাচ্ছে।
