দীর্ঘ সাত বছর পর আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বিদুষী বর্ণিতা। শুক্রবার রাজধানীতে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে সেরার মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে শুয়ে আছেন বর্ণিতা। বুকের কাছে আগলে রেখেছেন বিজয়ের ট্রফি। ছবিটি প্রকাশের পর তা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনায় আসে।
বর্ণিতা লিখেছেন, এখনো বিষয়টি তাঁর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জন তিনি হৃদয়ের কাছে আগলে রাখতে চান বলেও উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।
ভক্তদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফাইনালে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, রুহুল কুদ্দুস খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন আমিনা ইসলাম। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে পাঁচজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন।
সাত বছর বিরতির পর আয়োজিত এই প্রতিযোগিতাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। বিজয়ের মধ্য দিয়ে বর্ণিতা এখন দেশের নতুন গ্ল্যামার অঙ্গনে নিজের যাত্রা শুরু করলেন।
সুত্রঃ সমকাল
