ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার গঁফাকুড়ি মোড় থেকে বড়মা সড়কের পূর্ব পাশে জনৈক আমছর আলীর বাড়ির সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৫১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা সারোয়ার আলম ওরফে সেলিম (৩০) এবং একই এলাকার আজিজুল ইসলাম ওরফে আইজুল (৪০)।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
