সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে ‘প্রতিকার না পাওয়া’ এবং তাঁদের প্রস্তাব চাপা দেওয়ার অভিযোগে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।
সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে বিরোধী দলের দেওয়া মুলতবি প্রস্তাবের বিষয়ে তাঁরা স্পিকারের কাছ থেকে সিদ্ধান্ত বা প্রতিকার আশা করেছিলেন। তবে সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব এবং তাঁর অনুপস্থিতিতে তা আলোচনা হয়েছে। তিনি জানান, সংসদের ইতিহাসে খুব কম মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। তারপরও বিরোধী দল চাইলে এ বিষয়ে আরও বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে।
তবে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, তাঁদের মূল প্রস্তাবটি চাপা দিতে নতুন আরেকটি মুলতবি প্রস্তাব আনা হয়েছে। এ কারণে প্রতিবাদ জানিয়ে তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করছেন।
স্পিকার এ সময় বলেন, সংসদীয় রীতি অনুযায়ী ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
