জ্বালানি তেল নেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে নড়াইলে এক ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকার তানভীর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মো. নাহিদ সরদার (৩০) সদর উপজেলার পেড়লি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার সঙ্গে থাকা জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে অভিযুক্ত এক ট্রাকচালক তেল নিতে পাম্পে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পের ব্যবস্থাপক নাহিদ ও কর্মী জিহাদুল তাকে লাইনে থাকার কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক তাদের হত্যার হুমকি দেন।
রাত ২টার দিকে তেল শেষ হয়ে যাওয়ায় ওই চালক আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত ২টা ১০ মিনিটে কাজ শেষে মোটরসাইকেলে করে নাহিদ ও জিহাদুল পাম্প থেকে বের হলে ট্রাকটি দ্রুতগতিতে তাদের ধাওয়া করে এবং অল্প দূরেই চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ট্রাকচালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
