রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়েছে।
চিঠির অনুলিপি বিআরটিএর পরিচালক (রোড সেফটি), পরিচালক (ইঞ্জিনিয়ারিং), রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ছয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ও সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী রাজবাড়ী-ব ১১-০০২৪ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া, মালিকপক্ষকে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ এবং ওই চালকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না সে ব্যাপারে বাস মালিক কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
সুত্রঃ সমকাল
