বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই করে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রে তথ্যের গরমিল ছিল। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা হলফনামায় নোটারি পাবলিকের ল’ ইয়ারের স্বাক্ষর ছিল ২৮ তারিখ। কিন্তু প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর ছিল ২৯ তারিখে। স্বাক্ষর একদিন আগে পিছের কারণ মনোনয়নপত্র বাতিল করা হয়। তাতে প্রতীয়মান হয়েছে প্রার্থী নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করেননি। স্বাক্ষর করার নিয়ম নোটারি পাবলিকের সামনে। তবে আপিল করার সুযোগ আছে বলেও তিনি জানান।
