ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমেই আরও জটিল হয়ে উঠেছে। বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরানোর শর্তে বাংলাদেশের একরোখা মনোভাবের কারণে টুর্নামেন্টে খেলার সম্ভাবনাও কমতে শুরু করেছে। তবে এর মধ্যে আশার খবর হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া সমর্থনও করে পিসিবি। সম্প্রতি আইসিসিকে চিঠির কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক খবরের পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।
ইএসপিএনক্রিকইনফো মনে করছে, ভারতে নিরাপত্তাশঙ্কা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসি বুধবার বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির মেইলের কারণে আইসিসি বোর্ড সভা ডেকেছে কি না, তা নিশ্চিত নয়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
পিসিবি যে সময়ে মেইল পাঠিয়েছে, তা প্রশ্নের জন্ম দিতে পারে। তবে ধারণা করা হচ্ছে, এতে আইসিসির অবস্থানে কোনো প্রভাব পড়বে না। ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা বিশ্বকাপের সূচি পরিবর্তন করা কিংবা শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলতে দেওয়ার ব্যাপারে রাজি নয়। এ বিষয়ে আইসিসির তার অবস্থানে দৃঢ় এবং গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনার সময়ও তারা একই বার্তা দিয়েছে।
বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।
বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে আইসিসি ও বিসিবি। এর মধ্যে সবশেষ বৈঠকটি হয় গত সপ্তাহের শেষ ঢাকায়। কোনো পক্ষই অবস্থান পরিবর্তন করেনি। ম্যাচগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আয়োজনে জোর দিয়েছে আইসিসি; বিসিবি জানিয়েছে, তারা ভারতে দল পাঠাবে না। ক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২১ জানুয়ারি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গুঞ্জন উঠেছিল, পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করে পিসিবিও বিশ্বকাপে অংশ নেওয়া পুনর্বিবেচনা করছে। তবে পিসিবি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি এবং ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও উত্তর দেয়নি।
৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। মোস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো তার পুরো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিকে এ সিদ্ধান্তের একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।
