
সংসদের সাউন্ড (শব্দ যন্ত্র) সমস্যা জটিল আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, অধিবেশন চলমান থাকায় এখন কিছু করা যায়নি। বুধবারের অধিবেশন শুরুতে আধাঘণ্টা দেরি হয়েছে।
বুধবার বৈঠকের বিরতিতে সংসদের টানেলে দাড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শব্দ যন্ত্রের এমন পরিস্থিতির জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে প্রধান হুইপ বলেন, ‘ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজের চুক্তি দিয়েছিল। সাউন্ডের ব্যাপারে নির্মাণকারী প্রতিষ্ঠান কি কাজে লাগতে পারে? এ কাজটা বুঝে নেবে এমন কোন লোক নিয়োগ দেওয়া হয়নি। ৩৮ গ্রামের হেডফোন দেওয়ার কথা ছিল কিন্তু হেডফোন দেওয়া হয়েছে ২৫৮ গ্রামের। ফলে এটি মাথায় রাখতে সদস্যদের সমস্যা হচ্ছে।
সাউন্ড সিস্টেম নিয়ে ৩ কোটি ৮৪ লাখ টাকার টেন্ডার দেওয়ার তথ্য জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, মাত্র ১৫ থেকে ১৬ লাখ টাকার ব্যবধানে যে কোম্পানী মালামাল সরবরাহ করেছে তারা কাজটি পায়নি। এটা অনেক স্পর্শকাতর ও বিশেষায়িত কাজ। সেখানে আরেকটা কোম্পানি কাজ পেয়েছে। দুই কোম্পানিই দরপত্রে অংশ নেয়। অবাক হওয়ার মতো ঘটনা দরপত্রে দ্বিতীয় হয়ে কাজ না পেলেও তাকে দিয়ে কাজ করানো হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। চরমভাবে অনিয়ম হয়েছে। অধিবেশন শেষ হওয়ার পরে অনেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সূত্রঃ সমকাল
