বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থ এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়েই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই বার্তাটি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি পৌঁছে দেন।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, বৈশ্বিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেখ আবদুল্লাহ বলেন, বাংলাদেশ একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের জনগণের কল্যাণে গঠনমূলক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈঠকে আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

