মাত্র শিখতে শুরু করেছিল ‘মামা’ ডাক। আধো আধো বোল ফুটেছিল মুখে। কিন্তু এক লহমায় সব শেষ। নিউ ইয়র্কের ব্রুকলিনে এক ভয়াবহ শ্যুটআউটে প্রাণ হারিয়েছে সাত মাস বয়সী শিশু কন্যা কাওরি। বুধবার বিকেলে যখন এই ঘটনা ঘটে, তখন মা-বাবার সঙ্গেই স্ট্রলারে চেপে ঘুরতে বেরিয়েছিল সে।
কাউরির মা লিয়ানা চার্লস-মোর জানান, ইস্ট উইলিয়ামসবার্গের হামবোল্ট এবং মুর স্ট্রিটের কাছে হঠাৎই বিকট শব্দ শুনতে পান তারা। প্রথমে বাজি ফাটানোর শব্দ মনে হলেও মুহূর্তেই নেমে আসে বিভীষিকা। একটি মপেডে চড়ে আসা বন্দুকধারীরা ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।
স্মৃতি হাতড়ে মা লিয়ানা বলেন, “আমার দুই বছরের ছেলেটি ভয়ে স্ট্রলার থেকে লাফিয়ে নামে, আমি ওকে জাপটে ধরি। তারপর পাশে তাকিয়ে দেখি আমার মেয়েটা রক্তাক্ত নিথর হয়ে পড়ে আছে। ওর মাথায় গুলি লেগেছে। সব কিছু ওলটপালট হয়ে গেল।
গুলিতে তার ছেলেও পিঠে সামান্য আঘাত পেয়েছে। ঘটনার পর থেকে বারবার সে তার বোনকে খুঁজছে বলে জানান মা।পরিবার সূত্রে জানা গেছে, কাওরি ছিল অত্যন্ত হাসিখুশি এক শিশু। সে সবেমাত্র হামাগুড়ি দিতে শিখছিল এবং ‘মামা’ ডাকতে শুরু করেছিল।
কাউরির দিদিমা লিন্ডা মোর, যিনি একজন স্কুল শিক্ষিকা, মেয়ের থেকে এই দুঃসংবাদ শুনে স্কুলেই জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি বলেন, “ও খুব শান্ত আর মিষ্টি একটা বাচ্চা ছিল। কেন এমন হলো জানি না।”
নিউ ইয়র্ক পুলিশ (NYPD) জানিয়েছে, এটি একটি গ্যাং-সংক্রান্ত হামলা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মপেডের পেছন থেকে এক বন্দুকধারী গুলি ছুড়ছে। পালানোর সময় কিছুটা দূরে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মপেডটি দুর্ঘটনায় পড়ে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
অসহায় মা লিয়ানার আর্তনাদ, “আমার মেয়েটা তো নির্দোষ ছিল। ও তো কারোর কোনো ক্ষতি করেনি। আমরা তো শুধু কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম।” এই ঘটনায় পুরো নিউ ইয়র্ক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

