অ্যামেরিকার মধ্য ও পূবাঞ্চল জুড়ে ভয়াবহ এক শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৪টি স্টেইটে ৩৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঝড়ে বিস্তীর্ণ অঞ্চল বরফ, তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রার কবলে পড়েছে।
ঝড়টি শুক্রবার থেকে শক্তি সঞ্চয় করতে শুরু করে এবং উইকেন্ডে ব্যাপক তুষারপাত ঘটায়। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়, বহু ফ্লাইট বাতিল হয় এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সোমবার তুষারপাত কিছুটা কমলেও তীব্র শীত রয়ে গেছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত অ্যামেরিকাজুড়ে ৫ লাখ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এ অবস্থায় শহরগুলো জরুরি সেবা ও সহায়তা কার্যক্রম জোরদার করেছে, বিশেষ করে গৃহহীন মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে।
মঙ্গলবার পর্যন্ত অ্যামেরিকাজুড়ে ৫ লাখ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল।
নিউইয়র্ক সিটিতে এই ঝড়ে ১০ জন প্রাণ হারিয়েছেন। মেয়র যোরান মামদানি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, শহরে গত আট বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে—তাপমাত্রা নেমে আসে ৮ ডিগ্রি ফারেনহাইটে।
যদিও নিহত ১০ জনকেই বাইরে পাওয়া গেছে, তারা গৃহহীন ছিলেন কি না তা নিশ্চিত নয়। মামদানি বলেন, নিহতদের কয়েকজন অতীতে শহরের আশ্রয়কেন্দ্র ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।
চরম শীতের কারণে নিউইয়র্ক সিটি গৃহহীন জনগোষ্ঠীর বার্ষিক গণনা, যা যুক্তরাষ্ট্রের হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগে জমা দেওয়ার কথা ছিল, তা জানুয়ারির শেষের বদলে ফেব্রুয়ারির শুরুতে স্থগিত করেছে।
মামদানি বলেন, আউটরিচ কর্মীদের উচিত মানুষকে ঘরের ভেতরে নিয়ে আসায় মনোযোগ দেওয়া, তথ্য সংগ্রহে নয়। পরিষ্কার করে বলছি—চরম আবহাওয়া কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়।
তিনি জানান, জানুয়ারি ১৯ থেকে এখন পর্যন্ত শহরের রাস্তায় ও সাবওয়েতে বসবাসকারী আনুমানিক ৪,০০০ গৃহহীন মানুষের মধ্যে প্রায় ৫০০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকা ৩৫০ জন গৃহহীনকে প্রতি দুই ঘণ্টা পরপর খোঁজ নেওয়া হচ্ছে।
টেনেসির ন্যাশভিল শহরে এখনো ১ লাখ ৩৫ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন। বুধবার সকালে সেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি ফারেনহাইটে নেমে যেতে পারে, সঙ্গে থাকবে হাড়কাঁপানো হিমেল বাতাস।
ন্যাশভিলের মেয়র ফ্রেডি ও’কনেল বলেন, এটি একটি ঐতিহাসিক বরফঝড়।
ন্যাশভিল শহরের কর্মকর্তারা জানান, প্রায় ১,৪০০ গৃহহীন ব্যক্তি শহরের তিনটি আশ্রয়কেন্দ্র ও দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র পূর্ণ করে ফেলেছেন। পুলিশ, দমকল বাহিনী ও জরুরি কর্মীরা অতিরিক্ত সময় কাজ করছেন এবং নিয়মিত রাস্তায় টহল দিচ্ছেন।
ন্যাশভিল রেসকিউ মিশন নামের একটি গৃহহীন সহায়তা সংস্থা সাধারণত প্রতিরাতে প্রায় ৪০০ জনকে আশ্রয় দেয়। তবে এই শীতের সময়ে সেই সংখ্যা বেড়ে প্রায় ৭ হাজার জনে পৌঁছেছে।
সংস্থার এক কর্মীরা জানান, আমরা সব সময়ই পূর্ণ থাকি, কিন্তু কাউকে ফিরিয়ে দিই না। আবহাওয়া খারাপ হলে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে এখানে আসে।
বর্তমানে অ্যামেরিকায় প্রায় ২০০ মিলিয়ন মানুষ কোনো না কোনো শীতকালীন সতর্কতার আওতায় রয়েছে, যা অন্তত ১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকতে পারে।
টেক্সাসের বোনহ্যাম শহরে উইকেন্ডে একটি বরফে জমে থাকা পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে, যদিও ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়।
টেক্সাসের অস্টিন শহরে পরিত্যক্ত একটি গ্যাস স্টেশনে আশ্রয় নেওয়ার সময় হাইপোথার্মিয়ায় মারা গেছেন এক ব্যক্তি। এছাড়াও কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও মিশিগান অঙ্গরাজ্যেও একই ধরনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্তমানে অ্যামেরিকায় প্রায় ২০০ মিলিয়ন মানুষ কোনো না কোনো শীতকালীন সতর্কতার আওতায় রয়েছে, যা অন্তত ১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকতে পারে।
ন্যাশনাল ওয়েদার ডিপার্টমেন্টের ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ ডেভিড রথ জানান, ইস্ট অ্যামেরিকায় এই উইকেন্ডে আরেকটি সম্ভাব্য শীতকালীন ঝড় হতে পারে।

