আমার প্রধান শক্তি হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কী চায়, আমাকে কী বোঝাতে চায় এবং উনাদের দুঃখ-কষ্ট কোন জায়গায় আছে সেটি দেখা আমার মূল কাজ।
গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি ফুলবাড়িয়া আছিম সানকিভাঙ্গা-বগার বাজার সড়ক মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় ডা. মাহাবুবুর রহমান লিটন এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে বলেন, মোক্ষপুর ইউনিয়নের প্রতিটি রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে। উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিলের সভাপতিত্বে এবং মোক্ষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফররুখ আহমেদ নতুনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

