ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় রোলবার্ট জোয়াচিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নীলুফারের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে।
পুলিশ জানায়, নীলুফার ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে তার কাছে অর্থ দাবি করেছিলেন।
ঘটনার দিন ভোরে দোকানের বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনে নীলুফার বের হয়ে আসেন। এ সময় অভিযুক্ত আবারও অর্থ দাবি করে এবং একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ, কে-নাইন ইউনিট ও লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিট অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। প্রবাসীরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

