বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছে স্কুলে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে। সংগঠনের সভাপতি এ কে এম আশরাফুল হক বলেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
তিনি জানান, বর্তমান বাজারে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিভাইসের খরচ অনেক পরিবারের জন্য বহনযোগ্য নয়। একই সঙ্গে, কর্মজীবী অভিভাবকদের পক্ষে সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা কঠিন।
পেরেন্টস ফোরাম ৪টি বিকল্প প্রস্তাব দিয়েছে। তারা ‘৩+৩ মডেল’ বাতিল করে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস এবং বাকি তিন দিন সম্পূর্ণ ছুটি রাখার সুপারিশ করেছেন। এতে যাতায়াত ও বিদ্যুৎ—দুইয়েরই সাশ্রয় হবে। এছাড়া ক্লাসের সময় কিছুটা কমানো, এসির ব্যবহার সীমিত করা এবং প্রাকৃতিক আলো-বাতাসের সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার সচিবালয়ে শিক্ষক ও শিক্ষাবোর্ড কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে তিন দিন ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে, বাকী তিন দিন অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান হবে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিনের ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পূরণ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিভাবকরা উদ্বিগ্ন, সামনের ‘ও’ ও ‘এ’ লেভেল ও সেশন ফাইনাল পরীক্ষার সময়ে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

