নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন। আইভীর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আন্দোলন চলাকালে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে কাজ করা তিন শ্রমিক পুড়ে মারা যান। নিহতদের একজন ছিলেন কুষ্টিয়ার বাসিন্দা ২৯ বছর বয়সী সেলিম মন্ডল। ঘটনার প্রায় ১০ মাস পর তার ভাই ওয়াজেদ আলী হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাতজনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা প্রায় ৮০ জনকে আসামি করা হয়।
বর্তমানে আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন। এর আগে তিনি একাধিক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোয় মুক্তি পাননি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইভীর আইনজীবীর দাবি, এ মামলার এজাহারে তার নাম ছিল না এবং পরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তারা।

