নিউ ইয়র্ক সিটির কুইন্সে এক পুলিশ সদস্যের গুলিতে ২৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, রোববার রাত সাড়ে ১২টার আগে শহরের ফার রকওয়ে এলাকার ইলিভেন থাউসেন্ড এইট হানড্রেড অ্যান্ড সেভেনটি নামিওক স্ট্রীটে এ ঘটনা ঘটেছে।
নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, নিহত যুবকের পারিবারিক ঝগড়ার জের ধরে ঘটনার সূত্রপাত।
ঘটনার দিন ওই যুবকের মা-বাবার কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এনওয়াইপিডি।
সেখানে অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেন মা-বাবা। পরে একসঙ্গে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে যুবকের খোঁজ করেন তারা।
বাড়ির ভিতর তাকে না পেয়ে পুলিশসহ বাইরে বেরিয়ে আসেন মা-বাবা। ভবনের হলওয়েতে বক্স কাটার হাতে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেন বাবা।
এমন সময় তর্কের জেরে ধ্বস্তাধ্বাস্তি শুরু করেন বাবা-ছেলে। এ অবস্থায় পুলিশ বারবার ছেলেকে হাতে থাকা বক্স কাটার ফেলে দিতে নির্দেশ দেয়।
ছেলে কথা না শুনলে আতঙ্কিত বাবা পুলিশের পেছনে দাঁড়িয়ে আশ্রয় নেন। ছেলেটি তখন পুলিশের দিকে এগিয়ে আসার চেষ্টা করে।
এক পর্যায়ে ছেলের কাছাকাছি থাকা পুলিশ তাকে গুলিবিদ্ধ করে থামানোর চেষ্টা করে।
গুলি করার পরপর আহতকে প্রাথমিক চিকিৎসা ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন- সিপিআর প্রদান করে এনওয়াইপিডি।
পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনওয়াইপিডি জানায়, পুরো ঘটনাটি পুলিশের বডি ক্যামেরায় রেকর্ড করা আছে।

