সৌদি আরবের রাজধানী রিয়াদ-এর প্রাণকেন্দ্র শিফা এলাকার ইশারা ছিত্তিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ‘সুজন রেস্টুরেন্ট’। প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় স্বাদের খাবার পৌঁছে দিতে এবং তাদের খাবারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই রেস্টুরেন্টটির উদ্যোক্তা ময়মনসিংহ জেলার ভালুকা থানার রাজই ইউনিয়নের কৃতি সন্তান, সৌদি আরবে প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী মো: সুজন খান। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি এই রেস্টুরেন্টটি চালু করেছেন, যা ইতোমধ্যে প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টটির ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন স্বত্বাধিকারী সুজন খান এবং তার সৌদি কফিল আবু আলি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসী ব্যবসায়ী মো: ইরফান হোসাইন, মো: ওয়াসিম, মো: জাহিদ, মো: শরিফ এবং সাংবাদিক সোহরাব হোসেন লিটনসহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিদেশের মাটিতে এমন উদ্যোগ শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, বরং প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় খাবারের স্বাদ প্রবাস জীবনে একধরনের স্বস্তি এনে দেয়, যা এই রেস্টুরেন্টের মাধ্যমে পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
‘সুজন রেস্টুরেন্ট’ কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত সেবা এবং খাঁটি দেশীয় স্বাদের খাবার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদান এবং প্রবাসীদের আস্থার প্রতীক হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রবাসীদের মিলনস্থল হিসেবে গড়ে উঠার পাশাপাশি, সুজন রেস্টুরেন্ট যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ—এমন প্রত্যাশাই এখন সবার।

