ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এর ৩৯তম সমাবর্তন অনুষ্ঠান। আই-জি-এন-ও-ইউ ওমান সেন্টারের উদ্যোগে মাসকাটের রুই এলাকার এম-বি-ডি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সমাবর্তন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গদাবর্থি ভেঙ্কটা শ্রীনিবাস।
তাঁর উপস্থিতিতে বিশ্বের ২৫টি দেশের শিক্ষার্থীদের মধ্যে একযোগে সনদ প্রদান করা হয়, যা অনুষ্ঠানে আন্তর্জাতিক মাত্রা যোগ করে। এ বছর ওমান কেন্দ্র থেকে মোট ২৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে ৮ জন বাংলাদেশি শিক্ষার্থীও সফলভাবে তাদের ডিগ্রি লাভ করেছেন, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গর্বের বিষয়।
সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে OSC 5905-এর ডিন ড. আলী বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি শিক্ষার্থীরা যে নিষ্ঠা, পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষা অর্জন করছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।
অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি লাভ করেন সিআইপি আফতাব উদ্দিন। প্রবাসে শিক্ষা ও সামাজিক কার্যক্রমে তাঁর অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়। ড. আলী আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ওমান শাখায় বিশেষ ছাড় ও বিভিন্ন সহায়তার ব্যবস্থা করা হবে।
এর মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা অর্জনের নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ এবং আন্তর্জাতিক অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

